ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমীরের জনসভা ঘিরে সাতক্ষীরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী পরশু ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন। এ উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রায় দুই লাখ মানুষের অংশগ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি বেলা ১২টায় সাতক্ষীরা শহরের আমতলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জেলা আমীর জানান, এই জনসভায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং তারা জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জনসভা জনগণের প্রত্যাশা ও মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছে। এই জনসভায় লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আশা প্রকাশ করেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা সবাই জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানান এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কথা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং এটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনসভা ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় এই জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং সাতক্ষীরার রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর