নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ মোস্তফা কামালের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নড়াইল জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে, যা নড়াইল জেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছে।
কেন্দ্রীয় কৃষক দল সূত্রে জানা যায়, মোঃ মোস্তফা কামালের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে শনিবার (২৪ জানুয়ারি) মোস্তফার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায়।
চিঠিতে বলা হয়, সাংগঠনিক স্বার্থ ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে বহিষ্কারাদেশ বাতিল এবং নড়াইল জেলা কৃষক দলের তিন সদস্য আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর শুনে নড়াইলের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন। তারা মোস্তফা কামালের ভওয়াখালীস্থ বাসভবনে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতাকর্মীরা মনে করেন, এই সিদ্ধান্ত সাংগঠনিক ঐক্যকে সুদৃঢ় করবে এবং তৃণমূল পর্যায়ে কৃষক দল নতুন উদ্দীপনায় কাজ করতে পারবে।
আকাশজমিন / আরআর