যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড়, বরফ ও তীব্র শীতে এ পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঝড়ো আবহাওয়ার কারণে দেশের ১৫টির অধিক অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসি ও ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাত এবং বরফশীতল বৃষ্টি অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র আবহাওয়া দপ্তর ১৮ কোটি ৫০ লাখ মানুষের জন্য শীতকালীন সতর্কতা জারি করেছে। পরিস্থিতির অবনতি ঘটায় স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। গত রোববার একদিনে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের ঘটনা। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি ছড়িয়ে পড়েছে।
এছাড়া তীব্র ঠাণ্ডায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে এবং জরুরি সেবা দ্রুত পৌঁছে দিতে পারে।
সারা দেশের জন্য আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা আরও কয়েকদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তুষারঝড় ও বরফবৃষ্টি মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের প্রশাসন জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে।
আকাশজমিন / আরআর