আজহারুল হক, ময়মনসিংহ / : 75
ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে তিনি ময়মনসিংহ শহরে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে প্রথমে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তিনি মঞ্চে উপস্থিত হননি বলে সরেজমিনে দেখা গেছে।
তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি। পাশাপাশি দলীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে শহরের প্রধান সড়কগুলো। নেতাকর্মীদের স্লোগান ও মিছিলে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এক্ষেত্রে এসব ভোট যেসব প্রার্থীর দিকে যাবে, তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি বলে তারা মনে করছেন।
তবে বিএনপির সমর্থকদের দাবি, ময়মনসিংহ ফুলবাড়িয়া আসন ছাড়া অন্য আসনগুলোতে জামায়াতের তেমন প্রভাব নেই। ফলে বিএনপির প্রার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারবেন বলে তারা আশাবাদী।
সমাবেশে আসা বিরিশিরির সুসং দুর্গাপুর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষ করে তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফরে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ সফর শেষে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
আকাশজমিন / আরআর