ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রা করা ভিএসআর ভেঞ্চার্সের একটি লিয়ারজেট ৪৫ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি-এসএসকে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগে বারামতির পার্বত্য এলাকায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন এবং কেউই প্রাণে বাঁচেননি।
নিহতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক, সহ-পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাধব। দুর্ঘটনার খবরে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ৩৫ মিনিট আকাশে থাকার পর বারামতির কাছাকাছি এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবতরণের প্রস্তুতিকালে উড়োজাহাজটি পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উড়োজাহাজটির সম্পূর্ণ ধ্বংসাবশেষ উদ্ধার করে। দুর্ঘটনার পর সেখানে আগুন ও ধোঁয়ার চিহ্ন দেখা যায়। স্থানীয় প্রশাসন, জরুরি সেবা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দুর্ঘটনায় নিহত পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক ছিলেন ভারতের বেসামরিক বিমান চলাচল খাতে পরিচিত একজন নারী পাইলট। তিনি ২০২২ সাল থেকে ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন। পাইলট হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি নিউজিল্যান্ড ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক পাইলট প্রশিক্ষণ এবং এভিয়েশন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) প্রদত্ত ফ্রোজেন এটিপিএলসহ একাধিক লাইসেন্স ও সার্টিফিকেশন ছিল তার। সহ-পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুরও ছিলেন অভিজ্ঞ বিমানচালক।
বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল কানাডার বম্বার্ডিয়ার অ্যারোস্পেস নির্মিত লিয়ারজেট ৪৫ মডেলের একটি মাঝারি আকারের বিজনেস জেট। এটি মূলত স্বল্প ও মধ্যম দূরত্বের বেসরকারি ভ্রমণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। উড়োজাহাজটি পরিচালনা করত ভিএসআর ভেঞ্চার্স।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আবহাওয়া, কারিগরি ত্রুটি এবং মানবিক ভুল—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এই দুর্ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গন ও বিমান চলাচল খাতে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।
আকাশজমিন / আরআর