ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আজ ৫০তম বিসিএস প্রিলি পরীক্ষা, মানতে হবে পিএসসির কড়াকড়ি নির্দেশনা


  • আপলোড সময় : শুক্রবার ৩০ জানুয়ারী, ২০২৬ সময় : ১০:৪৮ এএম

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যমতে, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট দুই লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। যেকোনো অনিয়ম রোধে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পিএসসি। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এর পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি কিংবা যেকোনো ধরনের ব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের সময় দেখার সুবিধার্থে প্রতিটি কক্ষে দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। ফলে কোনো পরীক্ষার্থী নিজস্ব ঘড়ি নিয়ে হলে প্রবেশ করতে পারবেন না। এছাড়া পরীক্ষাকালে পরীক্ষার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র, ইয়ারফোন বা আবরণ ব্যবহার করা যাবে না। নিরাপত্তাজনিত কারণে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

কমিশন জানিয়েছে, প্রশ্নফাঁস বা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে বিপুলসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এ কারণে পরীক্ষাটি ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। পিএসসি আশা প্রকাশ করেছে, সকল পরীক্ষার্থী নির্ধারিত নিয়ম-কানুন মেনে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর