দেশেও সোনার বড় পতন দেখা গেছে। রেকর্ড উচ্চতার পর মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে এমন বড় সমন্বয় করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতনই মূল কারণ। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন শুক্রবার এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং তার আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার দামের সঙ্গে সঙ্গে রুপার দামেও পতন এসেছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা বাড়তে থাকায় দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। ওই দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।
দুই দিনের ব্যবধানে একের পর এক বড় দরপতনে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সামনে সোনার দামে আরও ওঠানামা হতে পারে।