নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ভাঙচুর প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেগুলোর ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার চুরি এবং ছিঁড়ে ফেলার ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। প্রশাসন এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নিজ উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছেন প্রার্থী।
সরেজমিনে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি নির্বাচনী ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে দুষ্কৃতকারীরা ব্যানার ক্ষতিসাধন করতে নিরুৎসাহিত হবে।
মো. ছাইফ উল্লাহ জানান, নির্বাচনী প্রচারণার ব্যানার বারবার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়ে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা স্বাভাবিকভাবে চলবে এবং জনসাধারণের স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিত হবে।
নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং প্রচারণার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনাইমুড়ী উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরিন আকতার জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিটি অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৭১১ জন এবং নারী ভোটার ২ লাখ ১৮ হাজার ৭১৪ জন।
এই উদ্যোগ নির্বাচনী প্রচারণার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আকাশজমিন
/ আরআর