ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নবাবগঞ্জে মেধা বিকাশে বর্ণাঢ্য রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও মুক্তচিন্তার বিকাশ ঘটাতে এক ব্যতিক্রমী রচনা প্রতিযোগিতা এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন 'বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘ'-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অষ্টম শ্রেণি থেকে ফাযিল (স্নাতক) পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আয়োজিত এই সামাজিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসা মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। এতে তরুণ শিক্ষার্থীদের জন্য “মক্কা চুক্তিতে” বাংলাদেশের অংশগ্রহণ উচিত হবে নাকি উচিত হবে না?—শীর্ষক সমসাময়িক ও চিন্তাশীল বিষয় নির্ধারণ করা হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী কাঁচদহ ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হাকিম।


আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এবং বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম. এ. খালেক। এছাড়া সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব আকাশ ও প্রচার সম্পাদক শিহাব শাহরিয়ারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিচারকদের মূল্যায়ন শেষে প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেন মোছাঃ বন্যা আক্তার। এতে দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ জহুরুল ইসলাম এবং তৃতীয় স্থান লাভ করেন মোঃ আহসান হাবিব। সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে বিশেষ আর্থিক পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান করেন লন্ডন প্রবাসী হুমায়ূন আহমেদ (সোহাগ)।


পুরস্কার বিতরণ পর্ব শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, তরুণ সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করতে এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করতে তাদের এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সহায়তাকারী স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, “পাশে আছি, পাশে চাই”—এই কল্যাণমুখী স্লোগানকে সামনে রেখে বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন মোস্তফা কামাল রুমন, সাধারণ সম্পাদকের দায়িত্বে এনাম আহমেদ এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বুলবুল আহমেদ।



এ সম্পর্কিত আরো খবর