‘চাঁদা দাও, না হয় গুলিতে মরো’—এই এক বাক্যের ত্রাসের রাজত্বে এখন স্থবির হয়ে পড়েছে পুরো খুলনা মহানগরী ও জেলা। ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তারাও যখন বেপরোয়া চাঁদাবাজদের লক্ষ্যবস্তুতে পরিণত হন, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তার নির্মম ও রক্তাক্ত চিত্র এটি। গত কয়েক দিনে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার রাজপথ ও জনজীবন এখন চরম আতঙ্কে অবরুদ্ধ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত মাত্র দশ মাসে খুলনা মহানগরী ও জেলায় মোট ৭৫টি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ৩৭টি এবং জেলায় ৩৮টি খুন হয়েছে। বিশেষ করে পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, গত ১২ দিনের ব্যবধানে খুলনা অঞ্চল সাতটি খুনের সাক্ষী হয়েছে। এর মধ্যে আবার গত দুই দিনে প্রাণ হারিয়েছেন চারজন। নিহতদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে অপরাধ চক্রের সদস্যরাও রয়েছেন। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
খুলনার এই নৈরাজ্যের মূল কারণ হিসেবে উঠে এসেছে চাঁদাবাজি ও এলাকার আধিপত্য বিস্তার। গত রবিবার ছাত্রদলের এক নেতার নেতৃত্বে খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনকে দায়ী করেছেন। এর ঠিক পরপরই সোমবার রূপসার আঠারোবেকি নদীর চর থেকে মেহেদী হাসান ও রেজাউল করিম নামের দুবারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুজনই খুলনার অপরাধজগতের আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়া ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁদাবাজদের বেপরোয়া দৌরাত্ম্য থেকে রেহাই পাচ্ছেন না খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তারাও। গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এছাড়া ‘বি-কোম্পানি’র চাঁদার দাবির মুখে জীবন বাঁচাতে ও ভয়ে চেম্বার বন্ধ করে আত্মগোপনে গেছেন স্বনামধন্য চিকিৎসকরা। কেউ কেউ দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন। সাব-রেজিস্ট্রার কার্যালয়, ক্লিনিক কর্তৃপক্ষ, খাদ্য কর্মকর্তা ও ফার্মেসির ম্যানেজারদের প্রতিনিয়ত মোটা অঙ্কের চাঁদার দাবিতে হুমকি দেওয়া হচ্ছে। টাকা না পেয়ে ভাঙচুর ও অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনায় সক্রিয় রয়েছে অন্তত নয়টি দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপ। এর মধ্যে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ অন্যতম। এসব বাহিনী জনবহুল এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দিলেও অনেক সময় ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। অপরাধীরা জামিনে কারামুক্ত হয়ে পুনরায় অপরাধজগতে ফিরে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয় নাগরিক নেতারা।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পুরো শহরকে জিম্মি করে ফেলেছে। সাধারণ মানুষের মনে নিরাপত্তা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ব্লক রেইড, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।