বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক খুলনা সফরকে কেন্দ্র করে পুরো খুলনাঞ্চলজুড়ে বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে বরণ করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে তোরণ, ব্যানার ও প্লাকার্ড দিয়ে পুরো শহর ঢেকে ফেলার প্রথা ভেঙে এবার এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে কোনো ধরনের অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বা কৃত্রিম সাজসজ্জা না করে বরং পুরো শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই সফরকে চিরস্মরণীয় করে রাখতে মহানগর ও জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো ব্যাপক ও সুশৃঙ্খল প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদিন দফায় দফায় বর্ধিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে পুরো পথজুড়ে কঠোর শৃঙ্খলার বার্তা দেওয়া হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে সর্ববৃহৎ ও স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার সার্বিক পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ৫ নভেম্বর রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরেবাংলা রোড দিয়ে পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেবেন খুলনাঞ্চলের লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। অত্যন্ত মার্জিত ও সুশৃঙ্খল পরিবেশে প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুলনাবাসী।
এই সফরের মূল আকর্ষণ হিসেবে আগামী ৫ নভেম্বর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ও তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জমকালো প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন এবং একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এর সূচনা করবেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খেলাধুলাকে কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি শক্তিশালী জাতি গঠনের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দেশের তরুণ অ্যাথলেটদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রধানমন্ত্রী খুলনায় আসায় ছাত্র-যুবকসহ নগরবাসীর মাঝে দারুণ আনন্দ বিরাজ করছে। শহরটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে, যার মাধ্যমে দেশবাসী খুলনার এক নতুন ও পরিপাটি রূপ দেখতে পাবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা এবং জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর খুলনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নকে বহুগুণ ত্বরান্বিত করবে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন জানান, কুদির বটতলা থেকে স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার বইবে, যা রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। তোরণ-ব্যানার দিয়ে শহর না ঢেকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন খুলনা গড়ার এই উদ্যোগ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতারা।