মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পূর্বশত্রুতার জেরে মো. আরিফুর রহমান (৫৭) নামে এক কলাবাগান চাষিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া বেগম (৩৬) দুইজনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম দিরাজতুল্যা মৃধাপাড়া গ্রামের মো. আলিম সরদারের ছেলে মো. হাসিব সরদার (২৪) ও মো. তাজিম সরদার (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগীর বাড়ি একই গ্রামে। অভিযুক্তদের বসতবাড়ির সামনে ভুক্তভোগীর একটি কলাবাগান রয়েছে। ওই বাগানের কলা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে গত ৩১ অক্টোবর (শনিবার) দুপুর ১টার দিকে ভুক্তভোগী আরিফুর রহমান ও তাঁর স্ত্রী অভিযুক্তদের বাড়ির সামনের কলাবাগান দেখতে যান। এ সময় অভিযুক্তরা ধারালো ছুরি ও মেহগনি গাছের ডাল নিয়ে কলাবাগানে প্রবেশ করে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আরিফুর রহমান গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত হাসিব সরদার তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আরিফুর রহমানের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। অপর অভিযুক্ত তাজিম সরদার তাঁর হাতে থাকা মেহগনি গাছের ডাল দিয়ে আরিফুর রহমানের পিঠে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, মারধরের একপর্যায়ে তাঁর স্বামী মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন। তিনি স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাজিম সরদার মেহগনি গাছের ডাল দিয়ে তাঁর বাম কাঁধে সজোরে আঘাত করেন। এ সময় হাসিব সরদারও তাঁকে মারধর করেন এবং শ্লীলতাহানি ঘটান বলে অভিযোগ করেন তিনি।
রাবেয়া বেগম আরও জানান, তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত স্বামীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত হাসিব সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজা জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।