একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেছিলেন।
মোংলায় অবতরণের পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, সংসদ সদস্য আলী আসগর লবি এবং এস কে আজিজুল বারী হেলালসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
মোংলা বন্দরের নির্ধারিত কর্মসূচি সফলভাবে শেষ করে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন সরকারপ্রধান। এরপর তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হবেন এবং বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।