জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য দেশের তিন অঞ্চলের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এসব এলাকার বিদ্যুৎ সংযোগ স্থগিত রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
নাটোর: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতাধীন এলাকাগুলো হলো—ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা গ্রামের বিভিন্ন অংশ।
রাজশাহী: ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ কার্যক্রমের আওতাধীন এলাকাগুলো হলো—তালাইমারী, নর্দান মোড়, দেবীশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুর এবং এর আশপাশ।
ঢাকা: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিনজিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ এলাকাগুলোর মধ্যে রয়েছে—মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলী।