ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আধিপত্যের লড়াইয়ে সাজেকে পাল্টে যাচ্ছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৬ এএম

পাহাড়ের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দ্রুত পাল্টে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমীকরণ। একসময়ের দুর্ভেদ্য ঘাঁটি সাজেক ও এর আশপাশের অঞ্চলে দিন দিন নিজেদের একক নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মাঠপর্যায়ের নানা সূত্রে পাহাড়ে আঞ্চলিক দলগুলোর এমন অস্থিতিশীল পরিবর্তনের চিত্রই উঠে এসেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, সাজেকে নিজেদের আধিপত্য ধরে রাখতে সম্প্রতি অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তা থেকে কাঙ্ক্ষিত কোনো ফল আসেনি। বরং কৌশলগত কারণে মাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া হচ্ছে দলটির। একসময়ে সাজেকের যেসব এলাকায় ইউপিডিএফের একচ্ছত্র আধিপত্য ও শক্ত অবস্থান ছিল, তার একটি বড় অংশ এখন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নিয়ন্ত্রণে চলে গেছে বলে জোরালো গুঞ্জন রয়েছে।


স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ধারাবাহিক সংঘাত ও পাল্টাপাল্টি রাজনৈতিক সমীকরণের জেরে বর্তমানে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে ইউপিডিএফ। বিশেষ করে সাজেক অঞ্চলের মাচালং, উজোবাজার, নাঙ্গলমারা এবং গঙ্গারামসহ বেশ কিছু কৌশলগত এলাকা ইতিমধ্যে সংগঠনটির হাতছাড়া হয়ে গেছে। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় বাধ্য হয়েই ওই সব এলাকা থেকে নিজেদের কর্মীদের গুটিয়ে নিয়েছে তারা।


স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, সাজেকে সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যেখান থেকে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। প্রতিটি কটেজ থেকে রুমপ্রতি নির্দিষ্ট অংকের চাঁদা দিতে হয়। কটেজ ও রেস্তোরাঁ ছাড়াও চাঁদের গাড়ি, মাহেন্দ্রসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার এই প্রক্রিয়া সাজেক নিয়ন্ত্রণের মূল কারণ হিসেবে কাজ করছে।


সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জানান, আঞ্চলিক দলগুলোর আধিপত্যের লড়াইয়ে সাজেকে এই সংকট তৈরি হয়েছে। পর্যটন ভরা মৌসুমে ভ্রমণে বিধিনিষেধ থাকায় সাজেক বর্তমানে পুরোপুরি পর্যটকশূন্য। এই বিপুল আর্থিক ক্ষতি ব্যবসায়ীরা কীভাবে পুষিয়ে নেবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেছেন।


মূলত গত ১১ অক্টোবর ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্যকারী অ্যাসোসিযয়েশন’ এর ব্যানারে তিন দফা দাবিতে সাজেক সড়কে অবরোধের ডাক দেয়া হয়। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ ৪৮ ঘণ্টা শিথিল করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর থেকে ফের লাগাতার অবরোধ শুরু হয়। দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সাজেক পর্যটন সড়ক ও স্থানীয় অর্থনীতিতে মারাত্মক ধস নেমেছে।


পরিস্থিতি সামাল দিতে গত ২৬ অক্টোবর খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৫টি দাবির মধ্যে ৪টিতে সমঝোতা হলেও একটি মূল দাবিতে মতপার্থক্য থাকায় আলোচনা অমীমাংসিত থেকে যায়।


এদিকে বিশেষ একটি সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে সাজেকে পর্যটক চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। অবরোধের আগে শুধু মাচালং বাজারে জেএসএসের উপস্থিতি থাকলেও বর্তমানে সাজেকের ২০ থেকে ২২টি গ্রামে তাদের অবস্থান রয়েছে বলে দাবি করা হচ্ছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে ইউপিডিএফের দখলকৃত এলাকা।


সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র আহ্বায়ক বাবু ধন চাকমা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কিছু দাবি মেনে নেয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। উল্টো সাজেক খুলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। দাবি না মেনে সাজেক খুলে দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।


জেএসএসের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, জেএসএসের কোনো সশস্ত্র শাখা নেই। জেএসএস সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। চুক্তি বিরোধী সংগঠনগুলোর কারণেই পাহাড়ে আজ অশান্তি বিরাজ করছে।


এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অং মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক খুলে দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর