দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পাঞ্চলে সাম্প্রতিক তাণ্ডব ও বিশৃঙ্খলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে। টানা কয়েক দিনের সংহিসতা ও নৈরাজ্যের পেছনে কোনো সাধারণ শ্রমিকের সম্পৃক্ততা ছিল না, বরং পোশাক খাতকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে বহিরাগতদের মাধ্যমে এই নৈরাজ্য চালানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যে সংশ্লিষ্ট শতাধিক আওয়ামী মালিকানাধীন তৈরি পোশাক কারখানার একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন।
শিল্পাঞ্চলে চলা এই সংহিসতাকে শুরু থেকেই পতিত ফ্যাসিবাদী শক্তির চক্রান্ত বলে অভিযোগ করে আসছিল সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো, যা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন সাধারণ শ্রমিক ও মালিকপক্ষ। অনুসন্ধানে জানা যায়, বহিরাগতদের সহিংস হামলায় কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় মারাত্মক ভীতির সঞ্চার হয় সাধারণ শ্রমিকদের মধ্যে। একাধিক গার্মেন্টস কর্মী জানান, তারা কোনো ধরনের আন্দোলনে অংশ নেননি এবং কারখানার ক্ষয়ক্ষতি হলে তাদের জীবিকাই সংকটে পড়বে। সাধারণ শ্রমিকদের অভ্যন্তরীণ কোনো অসন্তোষ বা সমস্যা ছিল না, যা কিছু ঘটেছে তা সবই বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত আক্রমণ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, নতুন করে সহিংসতা বা চাপ সৃষ্টি হলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাবে। গত দুই বছরে এমনিতেই বহু কারখানা বন্ধ হওয়ায় অনেক শ্রমিক বেকার হয়েছেন এবং স্থানীয় ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পোশাক শিল্প শুধু মালিকদের বিষয় নয়; এটি শ্রমিক ও সাধারণ মানুষের সামগ্রিক জীবিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
প্রশাসন ও গোয়েন্দা সংস্থার গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সম্পৃক্ততা থাকা রেনেসা গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসির নিয়ন্ত্রাধীন সেপাল গ্রুপের চারটি কারখানা এবং সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের তুষকা গ্রুপের নাম। এ ছাড়া স্টারলিং গ্রুপের সাথে যুক্ত আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলাম গ্রুপের সাথে সম্পর্কিত ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের নামও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পোশাক খাতকে আন্তর্জাতিক বাজারে একটি বিপদগ্রস্ত ও বিশৃঙ্খল খাত হিসেবে চিত্রায়িত করাই ছিল উসকানিমূলকদের মূল উদ্দেশ্য। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত বেশ কয়েকজন চিহ্নিত উসকানিদাতাকে ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে, যাদের অনেকেই রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের নেতৃস্থানীয় সদস্য। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে, কোনো শ্রমিকের সম্পৃক্ততা না থাকায় প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে উচ্চতর তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে কারখানা মালিক বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।