পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায় আন্দোলনের গুরুত্ব, স্থানীয় উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায়ীদের অবদান তুলে ধরেন বক্তারা।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
সভায় বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান এবং সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তারসহ স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে সমবায় সংগঠনগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁরা আরও বলেন, সমবায় আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে গড়ে তুলতে হবে। এ জন্য সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহি ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।