মো. খলিলুর রহমান, উপজেলা প্রতিনিধি:
সেতু নির্মাণের কৃতিত্ব কে নেবে, তা নিয়ে ভাবার সময় নয়; দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, যত ষড়যন্ত্রই হোক, বগা সেতুর নির্মাণকাজ শুরু হবেই, ইনশাআল্লাহ। এ সেতু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।
রোববার (৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলে তিনি বগা সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ ও প্রচেষ্টা শুরু করেন। এর ধারাবাহিকতায় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সেতুমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। এর ফলে সেতু নির্মাণের সম্ভাব্যতা ও উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী নিজে বাউফল পরিদর্শন করেন।
তিনি অভিযোগ করেন, একটি জনবিচ্ছিন্ন মহল বগা সেতু নির্মাণের উদ্যোগ বন্ধ করতে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। তবে এসব বাধা সত্ত্বেও সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য বলেন, বগা সেতু নির্মিত হলে শুধু একটি এলাকার মানুষ নয়, পুরো বাউফলসহ দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে মানুষ যে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন, সেতু নির্মাণের মাধ্যমে তার অবসান ঘটবে। তাই সেতুর কৃতিত্ব কে নেবেন কিংবা কার আমলে এটি নির্মিত হবে, সেটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের দুর্ভোগ লাঘবই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, অনেকে আলোচনা করেন, সেতু অমুকের আমলে হয়েছে, তমুকের আমলে হয়নি কিংবা মাসুদের আমলে হয়েছে। কিন্তু কোন সরকারের আমলে সেতু নির্মিত হলো, সেটি বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হচ্ছে কি না।
বগা সেতু নির্মাণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলমকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বগা সেতু নির্মাণের প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যেতে প্রস্তুত রয়েছেন। জবাবে মন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেছেন, তাঁর যেতে হবে না। তাঁদের আন্তরিকতা ও মানুষের প্রতি দরদ সম্পর্কে সরকার অবগত রয়েছে। প্রধানমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সেতু নির্মাণের বিষয়ে বিশেষভাবে তদারকি ও যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, এলাকার প্রকৃত মালিক জনগণ, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের সেবক। জনপ্রতিনিধি কিংবা তাঁদের পরিবারের কেউ অন্যায় করলে জনগণকে প্রতিবাদ করার অধিকার রাখতে হবে। এমনকি তাঁর কোনো কর্মী বা পরিবারের সদস্য অন্যায় করলেও জনগণ যেন তাঁদের জবাবদিহির আওতায় আনতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জনগণের ওপর কর্তৃত্ব করার মানসিকতাকে ব্রিটিশ আমলের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীন দেশে এমন মনোভাবের পরিবর্তে জনগণের অধিকার, মর্যাদা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলতে দেওয়া যায় না। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল জনগণের ওপর মালিকানা প্রতিষ্ঠা করতে পারে না।
তিনি আরও বলেন, এলাকার চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধিকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের মতামত ও সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে স্থানীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার অক্ষুণ্ন রাখতে হবে। জনগণ যাঁদের দায়িত্ব দেবেন, তাঁদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
মতবিনিময়কালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য। এ সময় তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার, পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান খান। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান ঘরামী, পরেশ ঘরামী, আর.এস.এম. মিত্র, রনজিৎ ও বিপুল বিশ্বাস।