ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৪:২০ পিএম

দেশের পাসপোর্ট অফিসগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ লেনদেন ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনলাইনে নির্ভুল আবেদন এবং সরকারি ফি জমা দেওয়ার পরও সাধারণ মানুষের ধারাবাহিক হয়রানির তীব্র সমালোচনা করে পাসপোর্ট সেবাকে আধুনিক ও দালালমুক্ত করার জোর আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে পাসপোর্ট কার্যালয়গুলোর বাস্তব চিত্র তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, সেবাগ্রহীতারা অনলাইনে আবেদন সম্পন্ন ও সরকারি নির্দিষ্ট ফি পরিশোধের পর সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও পাসপোর্ট অফিসে গিয়ে নানা অযৌক্তিক দোহাইতে হয়রানির শিকার হচ্ছেন। আবেদনকারীদের জন্মতারিখ ও নামের বানানে সামান্য অসংগতি কিংবা সামান্য কাগজপত্রের ত্রুটি দেখিয়ে দিনের পর দিন আবেদন আটকে রাখা হয়। অথচ একই ফাইল অফিসের বাইরে সক্রিয় দালালচক্রের হাতে তুলে দিয়ে অতিরিক্ত টাকা গুনে দিলে অবিশ্বাস্য দ্রততায় কাজ শেষ হয়ে যায়। তিনি দাবি করেন, সরকারি নির্ধারিত ফির বাইরে দ্রুত পাসপোর্ট বুঝিয়ে দেওয়ার নামে ৩ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত অবৈধ ঘুষ নেওয়ার অগণিত নজির রয়েছে।


নিজের দাবির পক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্য তুলে ধরে এনসিপির এই নেতা জানান, টিআইবির ২০২৬ সালের জুনে প্রকাশিত জাতীয় খানা জরিপের চিত্র আরও ভয়াবহ। জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে দেশের ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার প্রত্যক্ষভাবে ঘুষ দিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে। এ ছাড়া সার্বিকভাবে ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হয়েছে।


দেশজুড়ে ছড়িয়ে থাকা এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার সুনির্দিষ্ট সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির তথ্য দৃশ্যমান স্থানে প্রকাশের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে কোনো আবেদন আটকে রাখা হলে তার কারণ আবেদনকারীকে লিখিতভাবে জানানো, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দুর্নীতির সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধে সরকার আসলে কী ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে, ঠিক কত দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং সেই অগ্রগতির হিসাব জনগণের সামনে কীভাবে প্রকাশ করা হবে—তা স্পষ্ট করতে হবে। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, পাসপোর্টের আবেদন সম্পন্ন করতে ইন্টারনেট লাগতে পারে, কিন্তু রাষ্ট্রীয় এই সেবা পেতে কোনো দালালের ওপর নির্ভর করা বা ঘুষ দেওয়া উচিত নয়।


এ সম্পর্কিত আরো খবর