ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বেসরকারি স্কুলে ভর্তি:

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৪:২২ পিএম

দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত করা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে মেধা যাচাই বা লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সিংহভাগ আসন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করেছে সরকার।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের এই নতুন ভর্তি নীতিমালা জারি করেছে। এতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে মূল তালিকার পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্দিষ্ট সময়ে মূল তালিকা থেকে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শূন্য আসন পূরণ করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়সে সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে।


অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৫০ নম্বরের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা, যেখানে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বরের পরীক্ষা দুই ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর নির্ধারিত থাকবে। নীতিমালায় প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।


ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে এবং বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে বিজ্ঞপ্তির দিনে শিক্ষার্থীর বসবাসের স্থানকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২ শতাংশ, এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।


ভর্তি প্রক্রিয়ায় বাড়তি অর্থ আদায় রোধে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি আদায় করা হলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে সরকার।


এ সম্পর্কিত আরো খবর