ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় পাচারকালে ৪২০ বস্তা টিএসপি সার আটক


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৩০ এএম

যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় পাচারকালে বৈধ কোনো কাগজপত্র বা চালান ছাড়া ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় সচেতন জনতা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকা থেকে এই সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ট্রাকটি হস্তান্তর করা হয়। এই ঘটনায় অসাধু সিন্ডিকেটের তৎপরতা ও সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, রাজবাড়ী-ট-১১-০১৪১ রেজিস্ট্রেশন নম্বরের ওই ট্রাকে করে যশোরের নওয়াপাড়া থেকে বিপুল পরিমাণ টিএসপি সার কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ট্রাকটি থামিয়ে কী পণ্য পরিবহন করা হচ্ছে জানতে চান। এ সময় চালক বা হেলপার ট্রাকে থাকা সারের কোনো ধরনের বৈধ মেমো, চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে তাৎক্ষণিকভাবে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। পরে রাত ১১টার দিকে সারবোঝাই ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়।


ঘটনাস্থলে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন জানান, স্থানীয়দের মাধ্যমে সার পাচারের গোপন সংবাদ পেয়ে তারা দ্রুত ক্যাডেট কলেজের সামনে উপস্থিত হন এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি আটক করেন। তিনি বলেন, কিছু অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে, তাই এসব পাচারকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে ট্রাকের চালক মো. শুভ দাবি করেন যে, তিনি নওয়াপাড়ার হিমালয় ঘাট থেকে কুষ্টিয়ায় সারগুলো পৌঁছে দেওয়ার কথা জানলেও তা অবৈধ কি না সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না এবং ট্রাকের মালিক শোভন মিয়া এ বিষয়ে সব জানেন।


অন্যদিকে অভিযুক্ত ট্রাকের মালিক শোভন মিয়ার দাবি, কুষ্টিয়ার রেজাউল নামের এক স্থানীয় সার ব্যবসায়ী নওয়াপাড়া থেকে এই চালানটি আনছিলেন। এভাবেই গোপনে সারের অবৈধ কেনাবেচা ও পাচার চক্রের অপতপরতা চলছে দাবি করে তিনি নিজেকে এই ঘটনায় না ফাঁসানোর অনুরোধ জানান। এদিকে সংবাদকর্মীদের কাছে বক্তব্য দেওয়ার পর পরই ট্রাকের চালক, হেলপার ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে সরে যান।


জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন জানান, অসাধু ব্যবসায়ীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অবৈধভাবে সার কেনাবেচা করে আসছে। তিনি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুরো ঘটনা প্রসঙ্গে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে সারভর্তি ট্রাক জব্দের সংবাদ পেয়ে দ্রুত প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে সারের বৈধতা যাচাই করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধ প্রমাণিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর