ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জামালপুরে বিএনপি নেতার বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

জামালপুর সংবাদদাতা 

নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্যকে ঘিরে জামালপুর জেলায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, থানায় বলা আছে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তার বা হেনস্থা করা হবে না এবং সবাই মিলে মিশে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী রহমানী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী জনসভায়। ওই সভায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন।

এক মিনিটের ওই বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “এখানে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের আমি অনুরোধ করবো—যেহেতু আওয়ামী লীগ আর ৫০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না, কাজেই আওয়ামী লীগের সমর্থকরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে সকলে মিলে মিশে ধানের শীষে ভোট দেবেন এবং একসাথে থাকবেন। এখানে থানায় বলে দেওয়া আছে, কাউকে কোনো রকম হেনস্থা করবে না, কাউকে এরেস্ট করবে না ও কাউকে গ্রেফতার করবে না। বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জে কোনো গ্রেফতার হবে না।”

তিনি আরও বলেন, “অন্যায় যে করবে সেটা অন্য ব্যাপার। অন্যায়ের বিরুদ্ধে আমরা স্টেপ নেবো, যাতে কেউ অন্যায় না করতে পারে। তাদের বিচার হবে। অন্যায় হলে আমরা নিজেরা বিচার করবো—এমন যেন না হয়। আইনগতভাবে আমরা বিচার করবো।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্যের ভিডিও ও সংশ্লিষ্ট খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও, কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।

এ বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি রিসিভ করেন তাঁর ব্যক্তিগত সহকারী জাহিদ শিকদার নয়ন। তিনি জানান, স্যারের গলা নষ্ট থাকায় তিনি বর্তমানে কোনো বক্তব্য দিতে পারছেন না।

ওই নির্বাচনী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর