টেকসই উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যৌথভাবে সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ম্যানেজার সৈয়দ আসাদুল হকসহ পৌরসভার প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। রূপান্তর ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, সচেতনতা কার্যক্রম এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।
উপস্থিত কর্মকর্তারা বলেন, এই সমঝোতা স্মারক স্থানীয় উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে পৌরসভার সেবা কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।
রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পৌরসভার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদান রাখা সম্ভব হবে।
পৌরসভা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই চুক্তির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে এবং স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবে। ভবিষ্যতে আরও প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর