সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে হুড়াসাগর নদীর তীরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বপন সরকার (৩৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে, কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া ও কাজিপুরা সীমান্তবর্তী এলাকায়। নিহত স্বপন সরকার উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহ্রি খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। সকালে নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়দের দাবি, স্বপন সরকার দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে পাবনায় চিকিৎসাও নিয়েছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।