ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কা

নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ০২ মার্চ, ২০২৬ সময় : ৫:৪৯ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন অভিযোগ তুলেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি। রোববার (১ মার্চ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রেজা নাজাফি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের শান্তিপূর্ণ ও নিরাপদ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স কোন স্থাপনায় হামলা হয়েছে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, নাতানজে অবস্থিত বিশাল পারমাণবিক স্থাপনাটিই লক্ষ্যবস্তু ছিল।

নাতানজ ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। সংবেদনশীল এ স্থাপনায় হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্থাপনায় আঘাত হানলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যা আঞ্চলিক এমনকি বৈশ্বিক পর্যায়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

এর আগে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল। সংস্থাটি সতর্ক করে বলেছিল, এসব স্থাপনায় হামলা হলে মুহূর্তের মধ্যে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে ব্যাপক মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

তবে নাতানজে হামলার পর এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ইসরায়েলেও বহু ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। বেইত শেমেশে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জনের প্রাণহানির তথ্য প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। পারমাণবিক স্থাপনায় হামলার মতো ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও মাঠপর্যায়ে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।


এ সম্পর্কিত আরো খবর