ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার পর মানামায় একাধিক বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৪:৩০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহার পর এবার বাহরাইনের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক এ তথ্য জানিয়েছেন। বিস্ফোরণের পর রাজধানীর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

এর আগে আজ সকালে কাতারের রাজধানী দোহায়ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহায় অবস্থানরত এএফপির একজন প্রতিবেদক একই তথ্য নিশ্চিত করেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল বলে জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা।

মানামার বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। বাহরাইনের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলমান এই পাল্টাপাল্টি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

এদিকে আজ সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ষষ্ঠ দিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সংঘাতের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং একাধিক দেশে এর প্রভাব পড়ছে। কূটনৈতিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

দোহা ও মানামায় বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা কোন দিকে গড়াবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

তথ্যসূত্র: বিবিসি


এ সম্পর্কিত আরো খবর