নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ৪ মার্চ বুধবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বরকত উল্লাহর ছেলে তানজিল হোসেন (২৫), বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া (২৮), গিয়াস উদ্দিনের ছেলে তপন মিয়া (২৯) এবং ইমন মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার (২০)।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় পুলিশ চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক, ওয়ার্ড ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে। পুলিশের এমন ধারাবাহিক পদক্ষেপ এলাকায় অপরাধ কমাতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।