ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন চূড়ান্ত পর্যায়ে


  • আপলোড সময় : রবিবার ০৮ মার্চ, ২০২৬ সময় : ৪:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পর্ষদ নতুন নেতার বিষয়ে প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।

রবিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ পর্ষদের সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে প্রক্রিয়াটি এখনো পুরোপুরি শেষ হয়নি এবং কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে, যেগুলোর সমাধান করা প্রয়োজন।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে আলোচনা এখন শেষ ধাপে রয়েছে। পর্ষদের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন।

এর আগে শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে পর্ষদ সদস্যরা এক দিনের মধ্যে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। মূলত চূড়ান্ত সিদ্ধান্ত সশরীরে বৈঠকের মাধ্যমে নেওয়া হবে নাকি আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই ঘোষণা করা হবে—এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

নূর নিউজ প্রকাশিত এক ভিডিও বার্তায় পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সব সদস্যের সশরীর উপস্থিত হয়ে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে। তাই বিকল্প উপায়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শের ভিত্তিতে সম্ভাব্য একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই পরামর্শ অনুযায়ী, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে দেশের শত্রুরা প্রশংসা করবে না, বরং ঘৃণা করবে।

আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বাছাই করা সম্ভাব্য উত্তরসূরি এমন একজন ব্যক্তি, যার নাম এমনকি ‘বড় শয়তান’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রও উল্লেখ করেছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য পছন্দ। এই মন্তব্যের পর থেকেই ইরানের রাজনৈতিক অঙ্গনে উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।

নতুন নেতা নির্বাচনের মাধ্যমে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারিত হবে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: রয়টার্স



এ সম্পর্কিত আরো খবর