ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩


  • আপলোড সময় : সোমবার ০৯ মার্চ, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের চলমান হামলার মধ্যে ছবি ও ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের হামলা নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ, প্রচার এবং গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে হামলার দৃশ্য, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির ভিডিও প্রচার করেছেন। পাশাপাশি এমন কিছু বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়েছে, যা জনমনে অস্থিরতা তৈরি করতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও এবং অনির্ভরযোগ্য তথ্য নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। যুদ্ধ পরিস্থিতিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে।

বর্তমানে ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে হামলার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। কাতারের এই গ্রেপ্তারের ঘটনা তারই অংশ বলে মনে করা হচ্ছে।

কাতারের ঘোষণার আগে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কুয়েত কর্তৃপক্ষ গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সংযুক্ত আরব আমিরাতও সংবেদনশীল ছবি ও ভিডিও শেয়ার করা কিংবা অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। দেশটির বাসিন্দাদের কাছে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে, যুদ্ধ বা হামলার সঙ্গে সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমিরাতের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় হামলার স্থান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা সংঘাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ কিংবা প্রচার না করার জন্য জনগণকে সতর্ক করেছে।

সৌদি আরবও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। তবে এসব সতর্কতা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে তথ্য নিয়ন্ত্রণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুদ্ধ পরিস্থিতিতে ভুল বা অতিরঞ্জিত তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


এ সম্পর্কিত আরো খবর