ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্রের


  • আপলোড সময় : সোমবার ০৯ মার্চ, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তুরস্কের আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ত্যাগ করার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে অপ্রয়োজনীয় সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এছাড়া ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, যারা বর্তমানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এই সতর্কতা জারি করেছে। বিশেষ করে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ইরাক ও সিরিয়ার সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক বেশি বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করার সময় ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে ধেয়ে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে এবং আঘাত হেনে অকেজো করে দেয়।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ।

এদিকে ন্যাটোও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। জোটটির মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন, তুরস্ককে লক্ষ্যবস্তু করায় ইরানের এই পদক্ষেপের নিন্দা জানানো হচ্ছে।

তিনি বলেন, অঞ্চলজুড়ে ইরানের নির্বিচার হামলার মুখে তুরস্কসহ ন্যাটোর সব মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে জোটটি।

অ্যালিসন হার্ট আরও বলেন, ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রতিরোধ এবং প্রতিরক্ষা সক্ষমতা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় জোট প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় তুরস্কসহ আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর ফলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করছে এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করছে।


এ সম্পর্কিত আরো খবর