গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবার মান উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও তাদের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় জিএমপি’র এলআইসি (LIC) শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রযুক্তিগত অনুসন্ধান ও বিশেষ তৎপরতার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)সহ জিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন সময়ে হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে এলআইসি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত করতে যাচাই-বাছাই করা হয়। নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া অনেক মালিক বলেন, তারা দীর্ঘদিন ধরে তাদের ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু পুলিশের উদ্যোগে ফোন ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
জিএমপি কর্মকর্তারা জানান, বর্তমানে মোবাইল ফোন হারানো বা চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে এলআইসি শাখা নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের হারানো সম্পদ উদ্ধারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় সক্রিয় থাকবে।
আকাশজমিন / আরআর