শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের কৃষকদের উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা বিভিন্ন সরকারি সহায়তা ও সুবিধা সহজে পেতে পারবেন।
তিনি জানান, প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। এর ফলে কৃষকেরা কৃষি সংশ্লিষ্ট নানা সুবিধা পাওয়ার পাশাপাশি সরকারি সেবা গ্রহণেও সহজতা অনুভব করবেন।
মীর শাহে আলম এমপি বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের একটি স্মারক। অতীতে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন এলাকায় খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বিলহামলা খাল এলাকার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনঃখনন করা হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিলহামলা খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় অর্থনীতিও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর পাশাপাশি পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আকাশজমিন / আরআর