ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের


  • আপলোড সময় : বুধবার ২৫ মার্চ, ২০২৬ সময় : ৫:৪১ পিএম

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সংসদ সদস্য (এমপি) প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শটগানের গুলিতে তার ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি। দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এতে ৭ শতাংশ জমি তাদের ভাই কাওছার শেখের নামে লিখে দেওয়া হলেও বাকি জমিতে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ঘটনার সকালে যখন হুমায়ুন কবির মিন্টু গাছ কাটার জন্য বাধা দেন, তখন দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডা. গোলাম কবীর বাড়ি থেকে একটি শটগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন মিন্টু। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা বলেন, “গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি, গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করেছে এবং পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।”

গোলাম কবীরের ভাই আলমগীর কবীর বলেন, “আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।”

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আন্না সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়। তার বুকে ও কোমরে গুলি লেগেছিল।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। অভিযুক্ত ডা. গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শটগান জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা এই ঘটনায় শোকাহত এবং ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর