ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিংগাইরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


  • আপলোড সময় : বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ সময় : ৯:০৪ পিএম

মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া ও রাজধানী টিভির রিপোর্টার আবুল কালাম আজাদ এবং মুভি বাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেন দুই সাংবাদিক। কাজ শেষে তারা একটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে কহিলাতলী এলাকায় পৌঁছালে শহীদুল তার সহযোগীদের নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।

পূর্ব শত্রুতার জেরে সুদক্ষিরা এলাকার শহিদুল ইসলাম, মীর কাশেম ও জাহানারা বেগমসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ঘিরে ফেলে। প্রথমে গালিগালাজ করা হয়, পরে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় লোহার রড দিয়ে সানোয়ার হোসেনকে আঘাত করা হয়। এতে তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ সময় সানোয়ার হোসেনকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তার পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে আবুল কালাম আজাদকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার আগে তারা দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং সানোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত সাংবাদিক সানোয়ার হোসেন বলেন, “আমরা দায়িত্ব পালন করে ফেরার পথে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

অপর সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, “আমরা কোনো অপরাধ করিনি। শুধু চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেছি। অথচ আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর