ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৩১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতনগর এলাকার শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— এনায়েতনগর বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট (ওয়েস্টেজ) মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই দ্বন্দ্ব একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সশস্ত্র কয়েকজন ব্যক্তি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ হয়ে যায়।

গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা অভিযোগ করে বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০ থেকে ৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

তবে অপর পক্ষের বক্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আবারও সহিংসতায় রূপ নিতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারিতে রেখেছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর