ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রূপগঞ্জে দীর্ঘ ২৩ বছর ধরে আটকে থাকা বালু সেতু চালুর দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দুটি জেলার সীমান্ত ঘেঁষা জনবহুল একটি এলাকায় দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ঝুলে আছে একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ। দীর্ঘ ২৩ বছর ধরে রূপগঞ্জের বালু নদীর ওপর এই সেতু চালুর আলো না দেখায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। অবশেষে এই স্থবিরতা ভাঙতে এবং দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয়রা।


শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সেতুর সংযোগ সড়কের ওপর এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক, ইলিয়াছ আলী, হোসেন ব্যাপারী, সামসুদ্দিন, রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন ও এডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।


সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্পের আওতায় ২০০৩ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে বালু নদীর ওপর ৭৫.৩০ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল। সে সময় এর ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ৮০ লাখ টাকা। অথচ দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও সেই নির্মাণকাজ আজও শেষ হয়নি। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণকাজ শেষ করার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


স্থানীয়দের মতে, বালু নদীর এই সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণরূপে শেষ হলে ঢাকার পূর্ব মাদারটেক ও সবুজবাগ এলাকা হয়ে খুব সহজেই বালু নদী পার হওয়া যাবে। এর ফলে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ ও দ্রুততর হবে। সেই দিক থেকে জনগুরুত্বপূর্ণ এই সেতুটি চালুর দাবি এখন সময়ের দাবি।


এ সম্পর্কিত আরো খবর