মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর রামমালা পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় সড়কের পাশে উন্মুক্তভাবে ফেলে রাখা হচ্ছে ময়লা-আবর্জনা ও গৃহস্থালির বর্জ্য। দীর্ঘদিন ধরে সড়কের পাশে বর্জ্য জমে থাকায় এলাকাটিতে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ছড়িয়ে পড়া দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বিভিন্ন ধরনের গৃহস্থালির বর্জ্য, পচা খাবার, পলিথিন ও অন্যান্য ময়লা-আবর্জনা উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও অসহনীয় হয়ে উঠছে। ময়লার স্তূপে মাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বাড়ার আশঙ্কাও রয়েছে।
এভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে শুধু এলাকার সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং জনস্বাস্থ্য ও পরিবেশও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য মিশে নালা-নর্দমায় প্রবেশ করলে পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে সড়কের পাশে উন্মুক্তভাবে ফেলার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন অপরিচ্ছন্ন পরিবেশ নগরীর সামগ্রিক পরিচ্ছন্নতা ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে রামমালা পানির ট্যাংকি সংলগ্ন সড়ক থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রামমালা পানির ট্যাংকি সংলগ্ন এলাকাকে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।