আন্তর্জাতিক ডেস্ক
ইরানি সরকারি প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
শুক্রবার (১১ এপ্রিল, ২০২৬) ওয়াশিংটন থেকে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জে ডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিনিধিরা যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত।
তিনি আরও সতর্ক করে বলেন, “কিন্তু যদি তারা আমাদের সঙ্গে খেলতে চায় বা কৌশল করতে চায়, তাহলে তারা দেখবে আমরা এতটা উদার বা সহনশীল নই।”
মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের সরকারি বিমান ‘এয়ার ফোর্স টু’ ব্যবহার করে তারা ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, পথে জ্বালানি নেওয়ার জন্য প্যারিসে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি হবে।
যাত্রা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রতিনিধি দলকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, তবে সেই নির্দেশনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে মার্কিন প্রতিনিধি দল রওনা হওয়ার কিছুক্ষণ আগেই ইসলামাবাদে পৌঁছে গেছে ইরানি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানি প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।
উভয় পক্ষের এই উচ্চপর্যায়ের সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ায় বৈঠকের ফলাফল নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত আলোচনার এজেন্ডা বা সম্ভাব্য চুক্তি নিয়ে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।