বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি বা কৃষক কার্ড পাওয়ার সুযোগ পাচ্ছেন তিন হাজারের বেশি কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কৃষকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর তা যাচাই–বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে।
আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে শিবগঞ্জ উপজেলার নির্বাচিত কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের নিমিত্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত কমিটির সদস্য আবদুল হান্নান রোববার বিকেলে এসব তথ্য জানান।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রিপাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকের তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লককে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এই ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি রয়েছে। পরিবার রয়েছে ২ হাজার ৬৯০টি। ইতোমধ্যে ৩ হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ৩ হাজার ২৪৭ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। সব তথ্যের ক্রসচেকিং চলমান রয়েছে। যাচাই–বাছাই শেষে এ সংখ্যক কৃষকই কৃষি কার্ড পাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৬ মার্চ বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হবে।
এরই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলায় কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
এই কার্ডের আওতায় কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা ও পরামর্শ পাবেন। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজার তথ্য এবং ফসলের রোগবালাই দমনে পরামর্শ দেওয়া হবে।
আবদুল হান্নান জানান, বর্তমানে প্রিপাইলটিং কার্যক্রম চলছে। ১৪ এপ্রিলের পর দেশের ১৫টি উপজেলায় পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে ১০০ উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এরপর আগামী অর্থবছরে সারা দেশে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদরে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার শিবগঞ্জসহ দেশের ১০টি উপজেলা যুক্ত থাকবে। একই দিনে শিবগঞ্জের উথলি হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, খাদ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
কৃষি কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ওই অনুষ্ঠানে কার্ড বিতরণের উদ্বোধক নির্ধারণ করা হবে।
আকাশজমিন / আরআর