ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

আধুনিক কৃষি উন্নয়নে সুনামগঞ্জে কৃষক-কৃষাণীদের সমাবেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

সুনামগঞ্জে আধুনিক, বিষমুক্ত এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উৎসবমুখর পরিবেশে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবীদ মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, বর্তমান সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু দেশের চাহিদা পূরণ নয়, বরং জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা। এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।

তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। ‘পার্টনার’ প্রকল্প সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা জানান, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ইতোমধ্যে ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তি এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এসব কার্যক্রম কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কংগ্রেসে কৃষক প্রতিনিধিরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং আধুনিক কৃষি পদ্ধতির সুফল সম্পর্কে মতামত দেন। এই আয়োজন কৃষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী ধারণা সম্পর্কে জানতে পারছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবীদ নাজমুল কবীর, অতিরিক্ত উপপরিচালক (ডিইও), খামারবাড়ি, সুনামগঞ্জ এবং সারোয়ার আলম, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলীরাজ ও ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রাবর্তী এবং কৃষক প্রতিনিধি আমেনা বেগম। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা কংগ্রেসে অংশগ্রহণ করেন।

কংগ্রেসে উপস্থিত বিশেষজ্ঞরা আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হাওরবেষ্টিত এই অঞ্চলে বিশেষায়িত কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক এবং আধুনিক চাষাবাদের পদ্ধতির ওপর জোর দেওয়া হয়।

দিনব্যাপী এই কংগ্রেসে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং মতবিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক পরিবেশ তৈরি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর