রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বর এলাকা থেকে অপহৃত পাঁচ বছর বয়সী মাইশা আক্তারকে গাইবান্ধায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোরে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল, এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শান্ত (২০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা থেকে এবং শাহ আলম (৩৫), পূর্বাচল উপশহর এলাকা থেকে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচল উপশহরের বুরুলিয়া গ্রামের ব্যবসায়ী শ্যামল মিয়ার পাঁচ বছর বয়সী কন্যা মাইশা আক্তার হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে শিশুটির বাবা শ্যামল মিয়া রূপগঞ্জ থানায় মোহাম্মদ শান্ত ও শাহ আলমের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করা হয় গাইবান্ধার ফুলছড়ি এলাকায়। এরপর দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় অপহরণে জড়িত দুইজনকে আটক করা হয় এবং পরে তাদের গ্রেফতার দেখানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে দ্রুত উদ্ধার করায় স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে অভিভাবকদের মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
পুলিশ বলছে, অপহরণের পেছনের উদ্দেশ্য ও পুরো চক্র শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরও গ্রেফতার অভিযান চালানো হবে।
আকাশজমিন / আরআর