ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৩ পিএম

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে এই রুটের বাস চলাচল, ফলে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা।

বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে সকাল থেকেই টার্মিনালে এসে যাত্রীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যদিও রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে সীমিত আকারে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে রুট ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধই হঠাৎ করে তীব্র আকার ধারণ করে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে কার্যত রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে স্থবির হয়ে পড়ে।

টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস না পেয়ে বাধ্য হয়ে ফিরে গেছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি বা ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, “কাল ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজও এসে ফিরে যাচ্ছি। পরিবার নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলবে কেউ কিছু বলছে না।”

অন্যদিকে, ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, “ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কেউ সঠিক তথ্য দিচ্ছে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।”

রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম জানান, জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য বের হলেও বাস না পেয়ে বিপাকে পড়েছেন। তিনি বলেন, “এখন কী করবো বুঝতে পারছি না।”

এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমঝোতা না হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে।



এ সম্পর্কিত আরো খবর