ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ


  • আপলোড সময় : শনিবার ২৫ এপ্রিল, ২০২৬ সময় : ৬:০০ পিএম

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং তীব্র গরমের মধ্যে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ২১ এপ্রিল ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরহাদ হোসেন ও তার লোকজনের ওপর হামলা চালানো হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

হামলায় সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে এবং পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওমর ফারুক বলেন, হামলাকারীদের বিচার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, মৌচাক এলাকায় হোপলুন কারখানা থেকে ঝুট বের করা নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, বারবার এ ধরনের সংঘর্ষ ও সহিংস ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি ও স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর