ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

‘দেশে জঙ্গি নেই’—এই বক্তব্য সঠিক নয়: তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৬:১৫ পিএম

দেশে জঙ্গি কার্যক্রম নিয়ে ভিন্নধর্মী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, অতীত সরকারের সময়ে জঙ্গি ইস্যু নিয়ে অতিরঞ্জিত প্রচার করা হয়েছিল, আবার অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’—এ বক্তব্যও পুরোপুরি সঠিক ছিল না।

মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে পিআইডি’র সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি রয়েছে, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হবে। তিনি উল্লেখ করেন, সরকার জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গত মাসে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৫টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সড়ক যোগাযোগ ও স্থানীয় প্রশাসন উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সরকার নতুন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তবে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খাতে কিছু প্রভাব পড়েছে, যদিও ঢাকার বাস ও মিনিবাসের নির্ধারিত সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে এবং এটিকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, দেশে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে টিকা দেওয়া হয়েছে। শিশুমৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, টিকাদান কর্মসূচি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

গণমাধ্যম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গণমাধ্যম সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে, তবে তথ্যের যথার্থতা বজায় রাখা জরুরি।

এদিকে ব্রিফিংয়ে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এর প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন করা হবে। এই প্রক্রিয়া সম্পন্নের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে আগামী জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন ২০২৭ সালের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর