মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক অসহায় বর্গাচাষির প্রায় ৪৫ শতক জমির বেগুন গাছ নষ্ট করে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দার মন্ডলপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ফজলাল রহমান ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ফজলাল রহমান অন্যের জমি বর্গা নিয়ে হাড়ভাঙা খাটুনি ও ধারদেনা করে ৪৫ শতক জমিতে বেগুনের চাষ করেছিলেন। গাছগুলোতে কেবল ফলন আসতে শুরু করেছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ও ব্যক্তিগত আক্রোশে কে বা কারা রাতের অন্ধকারে মাঠের পর মাঠ বেগুন গাছ নষ্ট করে দেয়। সকালে জমিতে গিয়ে নিজের স্বপ্ন এভাবে মাটিতে লুটিয়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন এই নিঃস্ব কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক ফজলাল রহমান জানান, এই ফসল বিক্রি করে তার পরিবারের সারা বছরের খরচ এবং ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। দুর্বৃত্তদের এমন তাণ্ডবে তার কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এখন পরিবার নিয়ে পথে বসার উপক্রম। চান্দার মন্ডলপাড়া গ্রামের বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসলের সাথে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। একজন গরিব কৃষকের পেটে লাথি মারা হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কৃষক এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন। ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ভুক্তভোগী কৃষককে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষক ফজলাল রহমানের আর্তনাদ এখন আকাশ-বাতাস ভারী করছে। তিনি প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয়।
আকাশজমিন / আরআর