ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর এটি বিএনপির আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মসূচিতে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।
গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময়সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, সভাটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন।
মতবিনিময়সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা তাদের সাংগঠনিক পরিস্থিতি ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নাধীন উদ্যোগ নিয়েও মতামত উপস্থাপন করা হবে।
দলীয় নেতারা জানিয়েছেন, এই সভার মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ আরও সুদৃঢ় করা হবে। একই সঙ্গে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি নেতারা মনে করছেন, দীর্ঘ বিরতির পর এই মতবিনিময়সভা দলকে পুনর্গঠিত করার একটি বড় সুযোগ তৈরি করবে। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয় ও শৃঙ্খলা জোরদার করাও এ সভার অন্যতম উদ্দেশ্য।
সভায় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরবেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। দলীয় নেতৃত্ব আশা করছে, এই আয়োজনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং মাঠপর্যায়ে সক্রিয়তা বৃদ্ধি পাবে।