ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তিনি কোনো রাজপরিবার থেকে আসেননি এবং এ কারণেই জনগণ তাঁকে গ্রহণ করেছেন।
৫১ বছর বয়সী থালাপতি বিজয় বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। একই সঙ্গে তিনি ‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের’ নতুন যুগ গড়ে তোলার অঙ্গীকার করেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাঁর কাজের মূল্যায়নের জন্য তাঁকে যৌক্তিক সময় দিতে হবে।
তারকা অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় বলেন, “আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।” তাঁর এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, জোট সরকার গঠন করলেও সরকারের নীতিনির্ধারণে জোটসঙ্গীদের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
‘মামা বিজয়’ নামে পরিচিত নতুন মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর সরকারের যেকোনো নীতির জন্য তিনিই জনগণের কাছে জবাবদিহি করবেন।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে শপথ পড়ান। একই অনুষ্ঠানে নতুন সরকারের আরও ৯ মন্ত্রী শপথ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আশ্বাস দেন, কেন্দ্র সরকার তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাজ করবে।
শপথ গ্রহণের পরপরই রাজ্য সচিবালয়ে গিয়ে সরকারি দায়িত্ব পালন শুরু করেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। প্রথম দিনেই সরকারি আদেশে সই করে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনা দেন।
এ ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। নতুন সরকারের এই সিদ্ধান্তগুলোকে তামিলনাড়ুর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এবারের নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পায়। তবে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১০৭।
পরবর্তী সময়ে কয়েক দিনের রাজনৈতিক নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে টিভিকে। এরপর জোট সরকার গঠন করে দলটি এবং মুখ্যমন্ত্রী হন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম একাধিক রাজনৈতিক দল একসঙ্গে জোট সরকার গঠন করল।
আকাশজমিন / আরআর