টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম তেল দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ মে) উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযানে উপজেলার বাহাদিপুর এলাকার ভাই-বন্ধু ফিলিং স্টেশনে পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা রোধ এবং ন্যায্য পরিমাপ নিশ্চিত করতে নিয়মিতভাবে পেট্রোল পাম্পগুলোতে নজরদারি চালানো হচ্ছে। অভিযানে ব্যবহৃত পরিমাপক যন্ত্র দিয়ে তেল সরবরাহ যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া গোবিন্দাসী বাজারের প্রদীপ ও শ্যামল মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছির উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় দুই দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, খাদ্য প্রস্তুতের পরিবেশ স্বাস্থ্যসম্মত ছিল না এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রাখা হয়নি। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে বাজারে প্রতারণা ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন অনেকাংশে কমে আসবে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।