লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) দুপুরে পৌর শহরের ১০ নং ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এ জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেন।
এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এর দূরদর্শী লক্ষ্য সম্পর্কে লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শহরকে মানুষের বাসযোগ্য ও সুন্দর রাখতে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কার্যক্রম ঘোষণা করেছেন। তাঁর সেই দূরদর্শী ও মানবিক নির্দেশক্রমে আমরা আজ লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা কেবল রাস্তাঘাট পরিষ্কারই করছি না, পাশাপাশি সাধারণ জনগণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা ও লিফলেট পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।”
বর্ণাঢ্য ও সুশৃঙ্খল এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতা তৈরি অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, অপর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা।
অভিযান চলাকালে দলটির নেতাকর্মীরা শুধু প্রধান সড়কেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাঁরা ১০ নং ওয়ার্ডের বিভিন্ন বাসা-বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরাসরি গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষকে নানা সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন। একই সাথে বর্ষা মৌসুমে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রত্যককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো আহ্বান জানান। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন চমৎকার সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের সুশীল সমাজ ও সাধারণ পৌরবাসী।