ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৮:৩৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৩৫) পূর্বচর পাড়াতলা গ্রামের সাফি উদ্দিনের ছেলে। অভিযুক্ত মরম আলী একই গ্রামের আব্দুল হেকিমের ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচা।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে দুই পক্ষের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।

শুক্রবার দুপুরের পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেলের দিকে স্থানীয় চটান পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের সিঁড়িতে আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত মরম আলী ঘটনাস্থলে অবস্থান করে কাউকে আহত আনোয়ারের কাছে যেতে দেননি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সময়ক্ষেপণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার আগ মুহূর্তে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমরা দুপুরে বাড়িতে ছিলাম না। সেই সুযোগে মরম আলী ও তার লোকজন বাড়িতে ঢুকে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর স্কুলের বারান্দায় ফেলে রেখে মৃত্যু নিশ্চিত করা হয়। দীর্ঘ সময় কেউ যেন সাহায্য করতে না পারে, সেজন্য তারা পাহারা দিয়েছে।”

নিহতের বোন সালমা আক্তার বলেন, “পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আগে থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।ৃ


এ সম্পর্কিত আরো খবর